লক্ষ্মীপুরে নিহত মা ও ৩ মেয়ের জানাজা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে এ জানাজার আয়োজন করা হয়।
জানাজার নামাজ শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশে চলে যায়। জানাজায় রায়পুরের বিপুল মুসল্লি অংশ নেন।
জানাজায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, রায়পুর পৌর জামায়াতের আমির ফজলুল করিম, নায়েবে আমির কামাল উদ্দিন, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
ওসি শাহীন মিয়া বলেন, চারজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বসহ ঘটনাটি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। চার মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকা ভাড়া বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করে অন্তর মজুমদার (২৮) নামের এক যুবক। পরে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় সে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর