জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০) ও মনজুরুল আলম টিটু (৩৫) নামে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার ওই গ্রামের বাসিন্দা। টিটু তার ভাইয়ের ছেলে। পারিবারিক জমি নিয়ে খালেদা আক্তার ও তার ভাই বাচ্চু মিয়ার সঙ্গে তাদের আরেক ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সোমবার সন্ধ্যায় জমি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু মিয়া দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খালেদা আক্তার ও টিটুকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আবু মিয়া পলাতক রয়েছেন।
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক রিফাত বলেন, সন্ধ্যার পর স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা