খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন নগরীর ২ নম্বর কাসেম সড়কের বাসিন্দা শহিদুলের ছেলে এবং পেশায় এক ইলেকট্রিক দোকানের কর্মচারী ছিলেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের গলিতে চারটি মোটরসাইকেলযোগে আটজনের একটি দল মুস্তাকিনের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ এবং এতে কারা জড়িত তা অনুসন্ধানে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা