পূর্বধলায় পিকআপসহ ভারতীয় ১৬০ পিস কম্বল জব্দ
নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযানে প্রায় আড়াই লাখ টাকার ১৬০টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি পুলিশ জানালেও সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজারের সড়কে এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ জানায়, অভিযানের সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় রাখা ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ও কম্বল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভজন দাস, নেত্রকোনা