জেলের জালে রাসেল ভাইপার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে একটি জীবিত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মাছ ধরার জালে ধরা পড়া অত্যন্ত বিষধর এই সাপটিকে পিটিয়ে না মেরে নিরাপদে উদ্ধার করায় স্থানীয় জেলের সচেতনতার প্রশংসা করছেন পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার বয়ড়া ইউনিয়নের হারুকান্দি চরে পদ্মা নদীতে মাছ ধরার সময় সুজন নামে এক জেলের জালে সাপটি আটকে পড়ে। পরে তিনি সেটিকে আঘাত না করে জালসহ নিরাপদে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে যান এবং বিষয়টি স্থানীয়দের জানান। জেলে সুজন বলেন, সাপটি না মেরে ধরে এনেছি, যাতে উদ্ধারকারীদের কাছে নিরাপদে তুলে দেওয়া যায়।
জীবিত রাসেল ভাইপার ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে খেয়াঘাটে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে বন বিভাগ ও স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
হরিরামপুরের পরিবেশকর্মী আবিদ হাসান আবেদ জানান, প্রায় দুই বছর আগেও পদ্মার এই চরাঞ্চলে একাধিকবার রাসেল ভাইপারের দেখা মিলেছিল। সে সময় জেলের জালসহ চরাঞ্চলের বিভিন্ন স্থানে সাপটি ধরা পড়ে। পাশাপাশি সাপের কামড়ে সে সময় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল।
মানিকগঞ্জ বন বিভাগের শিবালয় রেঞ্জের বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সহযোগিতায় জীবিত সাপটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এটি পরবর্তীতে অবমুক্ত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ