দর্শক-শ্রোতা শুরু থেকেই এনটিভিকে ভালোবেসেছে : তথ্যমন্ত্রী
দর্শক-শ্রোতারা শুরু থেকেই এনটিভিকে ভালোবেসেছে এবং ভবিষ্যতেও এনটিভি তাদের এই ভালোবাসা ধরে রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেওয়া এক বাণীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি ২৩ বছর অতিক্রম করে ২৪ বছরে পদার্পণ করেছে। আমি এই শুভক্ষণে এনটিভির সব সম্মানিত দর্শক-শ্রোতা ও এনটিভি পরিবারের সবাইকে জানাই শুভেচ্ছা।
বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমের সব অংশীদারদের সঙ্গে নিয়ে সর্বজন গ্রহণযোগ্য একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। আমি বিশ্বাস করতে চাই, এনটিভিও আমাদের এই সর্বজনস্বীকৃত গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদারের দায়িত্ব পালন করবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, আমার বিশ্বাস সম্মানিত দর্শক-শ্রোতারা শুরু থেকেই যেমন এনটিভিকে ভালোবেসেছে, ভবিষ্যতেও এনটিভি পরিবার তাদের এই ভালোবাসা ধরে রাখতে পারবে।

নিজস্ব প্রতিবেদক