ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না
আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৬-২৭ মেয়াদের সভাপতি পদে ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এটিএন নিউজের হেড অব নিউজ মাশহুদুল হক এবং সিনিয়র সদস্য সাজেদুল হক উপস্থিত ছিলেন। কমিশনের সচিবালয়-সংক্রান্ত সহায়তায় ছিলেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ইলিয়াছ সরকার।
কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে সমকালের আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজের তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক পদে খবরের কাগজের মাহমুদুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জাহিদুল বাশার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল ওয়ানের জান্নাতুল ফেরদৌসী মানু ও আমাদের সময়ের আসাদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মোহাম্মদ শিশির মনির এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি হাসান জাবেদ। সভা সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মিশন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনোজ কান্তি রায়, প্রতিষ্ঠাতা সদস্যসচিব কাজী আব্দুল হান্নান, ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, সালেহ উদ্দিন, এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, শামীমা আক্তার, আশরাফ উল আলমসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক