সোনারগাঁয়ে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বর্ণিল আয়োজন ও স্লোগানে স্লোগানে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর এলাকায় সোনারগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ তুষার।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা ছাত্রদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাফর আহমেদ তুষার বলেন, আজ এনটিভির ২৪ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ ও গৌরবময় দিনে এনটিভি পরিবারকে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘ দুই দশক ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ, সমসাময়িক বিশ্লেষণ এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নির্ভীকভাবে তুলে ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত নানা সংবাদ এনটিভির মাধ্যমে আমরা নিয়মিত জানতে পারি। এ জন্য এনটিভি পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
জাফর আহমেদ তুষার আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংকটের সময়ও এনটিভি সবসময় গুরুত্বপূর্ণ সংবাদ ও সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রেখেছে। সংবাদমাধ্যম হিসেবে সত্য ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই সাহসী ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা। এ সময় তিনি এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ যেন এই গণমাধ্যমকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের তাওফিক দান করেন, সেই প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সবার কাছে বিশেষ দোয়া চান।
বক্তব্যের শেষ অংশে জাফর আহমেদ তুষার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, এনটিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে বেগম খালেদা জিয়া নিজে উপস্থিত থেকে প্রেরণা জুগিয়েছিলেন। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ