বৃক্ষরোপণের মধ্য দিয়ে গাজীপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা রঙের বর্ণিল ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরের নীলের পাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, এনটিভি দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম। নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে এনটিভি দেশের মানুষের হৃদয়ে এক গভীর ভালোবাসার জায়গা করে নিয়েছে। আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনটিভি জনগণের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়ন কাজেও বড় ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নাসির আহমেদ, গাজীপুর