নোয়াখালীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
উৎসবমুখর পরিবেশ ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কেক কাটা, শোভাযাত্রা এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণের মধ্য দিয়ে নোয়াখালীতে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে।
এনটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসলিমুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান রাসেল ও মো. আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। এতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। শোভাযাত্রা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করা এনটিভি দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্য ও বিনোদন পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন হিসেবে ২০১৫ সালে আইএসও সনদপ্রাপ্ত এই চ্যানেলটি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা ভবিষ্যতেও বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও জেলাজুড়ে সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি এই আনন্দঘন আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী