মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রাম এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের চালকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধে রূপ নেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)