১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান জেলার সব পর্যটনস্পট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৯টায় বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রশাসন উল্লেখ করে, গত কয়েকদিন ধরে বান্দরবান জেলায় অব্যাহত ভারী বর্ষণ চলছে। এর ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি এবং সম্ভাব্য পাহাড়ধসসহ অন্যান্য ঝুঁকি বিবেচনা করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, সার্বিক নিরাপত্তা বিবেচনায় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান