মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা শাখা নদীর পাড়ে ঠেলা জাল নিয়ে আরও কয়েকজন জেলের সাথে মাছ ধরতে নামেন মিলন। মাছ ধরার একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। শুরুতে কাছাকাছি থাকা অন্য জেলেরা বিষয়টি টের পাননি। পরে পানির ওপর মিলনের ঠেলা জালটি ভেসে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এবং তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে জোয়ারের পানি কিছুটা কমে এলে নদী থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী