কিশোর গ্যাংবিরোধী অভিযান, নোয়াখালীতে আটক ১৪৫
নোয়াখালী জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও অপরাধে জড়িত সন্দেহে মোট ১৪৫ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন কিশোর গ্যাংবিরোধী এই গণ-অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার নয়টি থানা এলাকায় একযোগে চিরুনি অভিযান চালায় পুলিশের একাধিক টিম।
পুলিশের দেওয়া তথ্যমতে, আটককৃতদের মধ্যে হাতিয়া থানায় ৫১ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সুধারাম মডেল থানায় ১৫ জন, কবিরহাট থানায় ১২ জন, চরজব্বর থানায় আটজন এবং কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল থানায় বাকিদের আটক করা হয়। হাতিয়া থানা এলাকায় আটক ৫১ জনের মধ্যে গুরুতর অভিযোগে একজনকে সামারি ট্রায়ালের আওতায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে অপরাধে নতুন করে জড়িয়ে পড়া বাকি ১৪৪ জন কিশোরকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার অঙ্গীকার হিসেবে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের একটি সুস্থ ও অপরাধমুক্ত সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মহলকে সম্পৃক্ত করে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও জোরদার করা হচ্ছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী