সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাত ১টা ৪০ মিনিটে ৫৮ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় এক অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল এসকাফ সিরাপ এবং পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ইউএসএ-র তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদক জীবননগর থানায় হস্তান্তর এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, তিনি এখন পর্যন্ত বিষয়টি অবগত নন।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)