এআই-সৃষ্ট গুজব মোকাবিলায় নীতিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ অব্যাহত : তথ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার থেকে সৃষ্ট গুজব, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও সাইবার অপরাধ প্রতিরোধে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করা হচ্ছে।
আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের কারণে সৃষ্ট গুজব, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও সাইবার বুলিং প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।’
তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তাদের ‘বাংলাফ্যাক্ট’ ফ্যাক্ট-চেকিং ও মিডিয়া অ্যানালাইসিস উদ্যোগের মাধ্যমে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে।
জহির উদ্দিন স্বপন জানান, এ পর্যন্ত বাংলাফ্যাক্ট ৮৬০টি ফ্যাক্ট-চেক, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ৩০৬টি।
দক্ষতা উন্নয়ন কার্যক্রমের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মশালায় ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণ কর্মশালায় ৭৩৯ জন সাংবাদিক অংশ নিয়েছেন।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এআই, ডিজিটাল সাংবাদিকতা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিও অব্যাহত রয়েছে।
এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, পেজ, গ্রুপের পাশাপাশি ভুল তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবি যাচাই-বাছাই করে, প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য একটি ‘ফ্যাক্ট-চেকিং ম্যানুয়াল’ প্রকাশের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
জাতীয় ফ্যাক্ট-চেকিং কাঠামো প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব, ভুল তথ্য এবং সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক