দেশের ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১৯টি জেলার ওপর দিয়ে বজ্রসহ ঝড় ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলা ও এর আশেপাশের অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নৌচলাচল নিরাপদ রাখতে এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, হঠাৎ বাতাসের গতিবেগ বৃদ্ধি এবং বজ্রপাতের আশঙ্কার কারণে নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ট্রলার ও লঞ্চগুলোকে সংকেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক