নিখোঁজের ১১ দিনেও মেলেনি শিশু সাদের খোঁজ
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ১১ দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি ১২ বছর বয়সী শিশু সাহল রহমান সাদের। সম্ভাব্য বিভিন্ন স্থানে স্বজনদের খোঁজাখুঁজি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চললেও শিশুটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়েছে।
নিখোঁজ সাহল রহমান সাদ দেওয়ানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গাঢ় খয়েরি / কালো রঙের পাঞ্জাবি-পায়জামা এবং মাথায় একটি গোল টুপি।
ঘটনার পরপরই দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্বজনরা প্রশাসনের প্রতি দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশবাসীর সহযোগিতাও কামনা করেছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশু সাদকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন এলাকায় বিষয়টি অবহিত করা হয়েছে এবং তার ছবি সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। তাকে খুঁজে বের করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কেউ সাহল রহমান সাদের অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে অথবা তাকে দেখে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)