দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের বিদ্যালয়ের এক ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের এই চাঞ্চল্যকর ও অনিয়মের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলা দায়েরের পর গতকাল শনিবার (১১ জুলাই) রাতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। বিষয়টি তদন্তের পর জানা যায়, অভিযুক্ত মো. বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ভিডিওতে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যাওয়া মেহেদী হাসান ওই বিদ্যালয়েরই দশম শ্রেণির ছাত্র।
পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতা মূল্যায়নে এমন চরম গাফিলতি ও অনিয়মের সত্যতা পাওয়ার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে দ্রুত তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মামলা দায়েরের পরপরই শনিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)