নতুন স্থাপিত টিউবওয়েলের মুখে জ্বলছে আগুন
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নবস্থাপিত টিউবওয়েল ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, টিউবওয়েলটি স্থাপনের পর হাতল না চাপলেও এর মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে থাকে। পরে পরীক্ষা করে টিউবওয়েলের মুখে আগুন দিলে তাতে আগুন জ্বলে ওঠে, যা এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার (১২ জুলাই) সকালে পালাখাল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
বাবু হোসেন বলেন, পরিবারের পানীয় জলের জন্য টিউবওয়েলটি স্থাপন করি। কাজ শেষ হওয়ার পর সবাই লক্ষ্য করে, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর টিউবওয়েলের মুখে বুদবুদ ওঠার শব্দও শোনা যায়। পরে সেখানে আগুন দিলে তা জ্বলে উঠে।
টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, টিউবওয়েল স্থাপনের পর হাতল না চাপিয়েই পানি বের হতে দেখে বিষয়টি অস্বাভাবিক মনে হয়। পরে গ্যাসের উপস্থিতি রয়েছে কি না তা পরীক্ষা করতে আগুন ধরালে সঙ্গে সঙ্গে টিউবওয়েলের মুখে জ্বলে ওঠে।
এ ঘটনার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করে। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, টিউবওয়েল থেকে আগুন বা গ্যাসের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

শরীফুল ইসলাম, চাঁদপুর