ডিবি পরিচয়ে ট্রাকসহ ৪৪ বস্তা চিনি ডাকাতি, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চিনি বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববাব (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কোনাপাড়া ও রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঢাকা জেলার কদমতলী এলাকার বাসিন্দা সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার বাসিন্দা ওমর ফারুক ও পটুয়াখালী জেলার দুমকি থানার বাসিন্দা শহীদ মীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায় তারা।
পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশি তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজধানীর কোনাপাড়া এলাকা থেকে ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)