এবার ঢাকা শিক্ষাবোর্ডের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিসহ তিন দফা দাবিতে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। এর আগে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা বকশিবাজারে শিক্ষাবোর্ডের সামনে এসে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলে আন্দোলনরত শিক্ষার্থীরা তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট (আচরণ) করেন? উনি কি ভুলে গেছেন এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪-এ রক্ত দিয়েছে বলেই তিনি আজ শিক্ষামন্ত্রী হতে পেরেছেন? আমাদের এখন একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ওনার স্থলে যেন একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এ সময় তারা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক সম্পূর্ণ অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। সেখান থেকে পরবর্তীতে তারা বকশিবাজারে শিক্ষাবোর্ড অভিমুখে রওনা হন।

নিজস্ব প্রতিবেদক