পুলিশের ব্যঙ্গচিত্র ফেসবুকে ছড়ানোর অভিযোগে শিক্ষার্থী আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে রাখা এবং পুলিশ সদস্যদের জোড়হাতে দাঁড়িয়ে থাকার একটি কৃত্রিম (এআই জেনারেটেড) ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত কিশোরের নাম পারভেজ (১৫)। সে উপজেলার ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত একটি কক্ষে এক কিশোর ওসির চেয়ারে বসে টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছে। আর তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য হাত জোড় করে তার সামনে মিনতি করছেন। ছবিটি ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এই বিতর্কিত ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত পারভেজকে আটক করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ বিষয়ে বলেন, থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে এআই দিয়ে তৈরি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)