নোয়াখালীতে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ২, গাড়ি জব্দ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ও একটি জিপ গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেহুলা ইউনিয়নের বাসিন্দা মো. পারভেজ (৪২) ও একই এলাকার বাসিন্দা বিপ্লব (৪৮)। এর মধ্যে গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মাদকের মামলা রয়েছে।
দুপুর সাড়ে ১২টায় বেগমগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম-ফেনী হয়ে একটি জিপ গাড়ি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে নোয়াখালীর চৌমুহনী অভিমুখে আসছে- এমন গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে পুলিশের আভিযানিক দল চৌমুহনীর করিমপুর রোডের রূপসা সিনেমা হলের সামনে অবস্থান নেয় এবং গাড়িটি আটক করে। পরবর্তীতে জিপ গাড়িটির পিছনের ডানপাশের দরজায় সাদা টেপ দিয়ে মোড়ানো ৪১টি প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় মাদক বহনে ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করা হয়েছে।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ আর এন এম ইমরান খান, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী