সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন তিনি।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ করা হচ্ছে।
এ কর্মসূচি এ বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। এ সময় ১১ লাখের বেশি গাছ লাগানো হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক