জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন
জয়পুরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করা হয়েছে। এ সময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ আর হাজারো ভক্তের উলুধ্বনিতে মুখর হয়ে উঠে পরিবেশ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় জয়পুরহাটের সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ও সুসজ্জিত রথযাত্রাটি শুরু হয়। এরপর অগণিত নারী ও পুরুষ ভক্তের অংশগ্রহণে- রথযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রথে বসিয়ে রশি টানার এই বিশেষ মুহূর্তে অংশ নিতে দুপুর থেকেই পারুলিয়া মন্দির প্রাঙ্গণে ঢল নামে হাজার হাজার নারী-পুরুষ ভক্ত ও পুণ্যার্থীর। রথের রশি টানার সনাতন নিয়ম মেনে চারদিকে ভক্তদের ভিড় এবং মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মরণে কীর্তন দলের ভক্তিগীতি পুরো এলাকায় এক আধ্যাত্মিক আবহ তৈরি করে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তাঁর অনুগ্রহ লাভ করলে মানুষ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করতে পারে। এই গভীর বিশ্বাস থেকেই প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই রথযাত্রার আয়োজন করা হয়।
এই উৎসবের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। শাস্ত্র মতে, এই যাত্রায় রথের দড়ি টানলে বিশেষ পুণ্য লাভ হয়।
অন্যান্য বছরের ন্যায় এবারও জয়পুরহাট সদরের পাশাপাশি জেলার আক্কেলপুর উপজেলার পৌর শহরেরও আজ (বৃহস্পতিবার) সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত নিষ্ঠা, ভক্তি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের পুণ্যময় রথযাত্রা উদ্বোধন করা হয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট