জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রং-বেরঙের বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে প্রতিমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। এরপর স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বগুড়া সামাজিক বন বিভাগের সহযোগিতায়, জয়পুরহাট জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ ছাড়াও জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট