ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগাছা উপজেলার পরাণ গ্রামের আব্দুর রউফের স্ত্রী তাইরিন (২৮) ও দুদিয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের জামাল উদ্দীনের স্ত্রী রাশেদা (৪৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে লালমনিরহাটগামী লোকাল ‘পদ্মরাগ’ এক্সপ্রেস ট্রেনটি সুখানপুকুর এলাকা অতিক্রম করার সময় ওই দুই নারী রেললাইনের ওপর কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত তাইরিনের বাবা তাহের বলেন, তার মেয়ে জামাইয়ের বাড়িতেই থাকতেন। সম্প্রতি ঘরবাড়ি মেরামতের জন্য বাবার কাছে টাকা চেয়েছিলেন তাইরিন। তিনি কিছুদিন পর টাকা দিতে চেয়েছিলেন। তাইরিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে তাকে অনেকবার ডাক্তারও দেখানো হয়েছিল। মানসিকভাবে অসুস্থ থাকার কারণেই অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এই মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেব গনি বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)