ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের রোড স্টেশন এলাকায় ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে জামালপুর-ঢাকা রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের রোড স্টেশন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিটিসহ পাঁচটি বগি ঘটনাস্থলে রেখে পাওয়ার কারটি বাকি কয়েকটি বগি নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছায়। খবর পেয়ে কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি উদ্ধারের কাজ শুরু করে। দুপুর নাগাদ উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

আইয়ুব আলী, ময়মনসিংহ