ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করলে পরিণতি হবে হাসিনার মতো : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ব্যক্তিগত বা দলের স্বার্থে রাজনীতিকে ব্যবহার করলে তার পরিণতি ‘পতিত হাসিনার মতো’ হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বিএনপির আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী পৌরসভা, গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। জনগণের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, গত দুই দশকের রাজনৈতিক বাস্তবতা থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সদস্য আহ্বায়ক নঈম আনসারী। সঞ্চালনা করেন বিএনপি নেতা এ সবুর শাহীন। এ সময় বিএনপি নেতা মঞ্জুরুল আলম দুলাল, আকমল হোসেন, এ. মজিদ বিশ্বাস, গাজী আহসান হাবিবসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী