হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবসে নিজ গ্রামে নানা কর্মসূচি
দেশবরেণ্য কথাসাহিত্যিক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কারিগর ড. হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় তার নিজ গ্রাম কুতুবপুরে, নিজের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত এই মহান লেখকের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শোক শোভাযাত্রার আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ এই শোক র্যালিতে অংশ নেন।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান কর্মসূচির বিষয়ে বলেন, দিনব্যাপী আয়োজনের মধ্যে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। এসব বর্ণাঢ্য ও শোকাবহ অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হবে দিনব্যাপী এই কর্মসূচি।

ভজন দাস, নেত্রকোনা