ভাগ্নের বাইসাইকেল চুরি করে গ্রেপ্তার আপন মামা
নাটোরে ছেলের চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারে মামলা করে আপন ছোট ভাইকে চোর হিসেবে শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। লালপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত মামা জাহাঙ্গীর হোসেন কালুকে গ্রেপ্তার করে। আপন ভাগ্নের বাইসাইকেল চুরির এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া এলাকার গৃহবধূ মরিয়ম খাতুনের বাড়ি থেকে ২২ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটি চুরি হয়। মরিয়ম খাতুন বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়েরের পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে তদন্তে নামেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। তথ্য প্রযুক্তির সহায়তায় ওইদিন সন্ধ্যায় ঈশ্বরদীর একটি চোরাই মার্কেট থেকে বাইসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত কালুকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কালু স্বীকার করেছে যে, মূলত নেশার টাকা জোগাড় করতেই সে আপন ভাগ্নের এই বাইসাইকেলটি চুরি করেছিল এবং তা ঈশ্বরদীতে বিক্রি করার চেষ্টা করছিল। আজ রোববার দুপুরে সাইকেল চোর কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হালিম খান, নাটোর