তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত ১
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৯ জুলাই) বিকাল ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আব্দুর রহমান বলেন, আজ বেলা পৌনে ৩টায় আমি তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওই ব্যক্তি আমাকে ডেকে বলেন, ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। এরপর আমি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি তার নাম-পরিচয় কিছুই জানতে পারিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাত রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক