মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নসিমন চালক মজনু (৩৬) ও তার সহযোগী দুলাল মনি দাস (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া এলাকায় কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে ফিরছিল। লস্করপুর নতুন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বাড়ৈখালী থেকে ঢাকাগামী ‘বৈশাখী পরিবহণ’র একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও সহযোগী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বৈশাখী পরিবহণের বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যান।
নিহত দুলাল মনি দাসের ভাই স্বপন মনি দাস বলেন, স্থানীয় শিবরামপুর হাট উপলক্ষে কাঠ বহন করে হাসাড়ায় পৌঁছে দেওয়ার পর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া বাসের ধাক্কাতেই তার ভাই ও নসিমন চালক প্রাণ হারান।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক বাসটি শনাক্ত করে চালককে সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ