রেল কোয়ার্টার এলাকায় অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা সুমন বাসফোরের (৪০) চার কক্ষবিশিষ্ট টিনের বসতঘরে এই অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সুমন বাসফোর কৌশলে পালিয়ে যান। পরে তার ঘর তল্লাশি করে ১০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি সুমন বাসফোরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বলেন, জেলাকে মাদক মুক্ত রাখতে এবং মাদক উৎপাদন ও পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)