বিলে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার দুই আসামির
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিলে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামির। দীর্ঘ ধাওয়া শেষে গতকাল রোববার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া (২৪) ও মো. ইসমাইল (২৯)। তারা সম্পর্কে খালাতো ভাই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকা থেকে ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অপহরণ করা হয়। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় আসামিরা। একপর্যায়ে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমাম হোসেন বলেন, আসামিরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিলের মাঝখানে একটি অস্থায়ী ঘরে আত্মগোপন করে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশও পিছু ধাওয়া করে বিলের পানি থেকে তাদের গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলা দায়েরের ১১ দিনের মাথায় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)