জামায়াত নেতার ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন প্রথম স্ত্রী
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের তরুণীর সঙ্গে ‘অন্তরঙ্গ ভিডিও’ ভাইরাল হওয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যে মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম।
এক ভিডিওবার্তায় মঙ্গলবার (২১ জুলাই) তিনি নিশ্চিত করেছেন, ভিডিওতে দৃশ্যমান মরিয়ম বেগম তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। একইসঙ্গে তাদের বিয়ে ও সংসার নিয়ে যারা ‘কুৎসা রটাচ্ছেন’, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাকছুদা ইসলাম।
ভিডিওবার্তায় মাকছুদা ইসলাম বলেন, আমার স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম বেগমের বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
আরও পড়ুন : তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল, স্ত্রী দাবি জামায়াত নেতার, ড্রাইভারকে দোষারোপ
এর আগে প্রকাশিত লিখিত বিবৃতিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানকালে তার গাড়িচালক ও স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বহিরাগতদের নিয়ে তাদের জিম্মি করে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পরবর্তীতে ওবায়দুল্লাহ অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এমপি ও তার প্রথম স্ত্রী দুজনেই একে চরিত্র হনন ও পারিবারিকভাবে হেয় করার গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক