জিঞ্জিরাম নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে ভেসে আসা আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভারত থেকে নেমে আসা জিঞ্জিরাম নদীর উজান থেকে এক যুবকের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। ভাসমান মরদেহটি স্থানীয় মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরের দিকে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তোফাজ্জল হোসেন বলেন, নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আসমাউল আসিফ, জামালপুর