রাজধানীর আব্দুল্লাহপুরে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ডিএমপির উত্তরা পশ্চিম থানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিটন (৪২) ও মো. কামরুল হাসান (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
নিয়াজ মেহেদী জানান, আজ বেলা ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার জানায়, গ্রেপ্তারকৃত কামরুলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি এবং লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক