জামায়াত নেতা গাজী নজরুলের বিয়ে নিয়ে যা বললেন মরিয়মের বাবা
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ভিডিওর তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এবার একই দাবি করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুনের বাবা এসএম মাসুম বিল্লাহ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এসএম মাসুম বিল্লাহ বলেন, এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও ও ছবি ইতোমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্তা করা ছাড়া আর কিছুই না।
এসএম মাসুম বিল্লাহ বলেন, গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে তার (এমপি নজরুল ইসলামের) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার প্রথম স্ত্রীসহ সবাই উপস্থিত ছিলেন।
এর আগে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম এক ভিডিও বার্তায় বলেন, আমার স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম বেগমের বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, তাদের তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

নিজস্ব প্রতিবেদক