ফেনীতে যৌথ অভিযানে আ.লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল সওজ
ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথের (সওজ) সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় যৌথ উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ বুধবার (২২ জুলাই) ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে অবস্থিত এই স্থাপনাটি ভাঙা হয়।
অভিযানে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌরসভা ও সওজ যৌথভাবে অংশ নেয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজের উপতত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়কের পাশ ঘেঁষে সওজের মূল্যবান সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যবহারিক কার্যালয় হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই কার্যালয়কে কেন্দ্র করে আশপাশের আরও বেশ কিছু সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সংবাদিকদের জানান, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা ও জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী