সাঙ্গু নদীতে নৌকাডুবি, দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলামের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
নিহত জাওয়াদ উল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীনের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার পর্যটন এলাকা বড়পাথরে ইঞ্জিনচালিত একটি নৌকা উল্টে গিয়ে সাঙ্গু নদীতে নিখোঁজ হন জাওয়াদ। নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান পরিচালনা করলেও তার কোনো সন্ধান পায়নি।
পরবর্তীতে রোববার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন নদী ঘাটে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে যান।
বর্তমানে উদ্ধারকৃত মরদেহটি তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল রয়েছে। উদ্ধারকারী দল ফিরে এলে পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান