বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। তাকে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি আদেশ অনুযায়ী মোহাম্মদ রাশেদুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এর অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক তৎপরতায় পরিচিত মুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক