রেল কর্মকর্তা মামুন হত্যা : বিউটি ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মহাখালীতে রেলওয়ে কর্মকর্তা মামুন মিয়াকে হত্যার মামলায় বিউটি আক্তার নামের এক নারীকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানিয়েছেন।
মোক্তার হোসেন বলেন, গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেন মামুনের চাচা মো. শমসের আলী। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর বিচারক শুনানির জন্য রোববারে দিন নির্ধারণ করেন।
মামলার এজাহারে বলা হয়, বছর খানেক আগে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিষয়টি মামুনের পরিবার জানত না। ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন। মহখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। মামুনকে সেখানে আসতে বলেন দেখা করার জন্য। ১১ জুলাই বেলা ১১টার দিকে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মামুনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত প্রতিবেদক