হাসিনা–কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (২৬ জুলাই ) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তরিকুল বলেন, আজ এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ফোরকান আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন।
এর আগে গত ২৫ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। ওই দিন রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনবিষয়ক শুনানি পেছানোর আবেদন করা হয়। পরে বিচারক আজকের দিনটি নতুন তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ১৩ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ একাধিক ব্যক্তি।
অন্যদিকে, মামলায় আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান, শাহজাহান, রাসেল, সলিমুল্লাহ ও সাগর কারাগারে আছেন।

আদালত প্রতিবেদক