কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু
কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচনে একাত্তর টেলিভিশনের এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন ৪৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হয় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু।
মোট ৭০ ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ১৭টি পদে মোট প্রার্থী ছিলেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট দেন ভোটাররা।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু, দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দপ্তর সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেগোতির আসিফ হোসাইন মান্না, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন, দৈনিক ভোরের পাতার এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের ইয়াসমনি রীমা, এখন টিলিভিশনের খালিদ সাইফুল্লাহ ও বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন।
নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু বলেন, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭টি পদের জন্য মোট ৩৩ প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা