পর্ন ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মামুন অর রশিদ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে অসামাজিক ও পর্নোগ্রাফি তৈরির অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধার করে এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা