বেইলি ব্রিজ ভেঙে পড়ল ইটবোঝাই বাল্কহেডের ওপর
কুমিল্লার দাউদকান্দির খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত একটি পুরোনো বেইলি ব্রিজ ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে। এ দুর্ঘটনায় বাল্কহেডের চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক দ্রুত সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। অন্যদিকে ব্রিজটি ভেঙে পড়ায় ওই অঞ্চলের সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক উপজেলার মানুষ।
বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী বলেন, ঢাকার জিঞ্জিরা থেকে ৫০ হাজার টাকা ভাড়ায় ৪০ হাজার ইটবোঝাই করে শনিবার ভোরে রওনা দেন তারা। সন্ধ্যায় খিরাই নদ দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি ব্রিজের নিচে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পুরো সেতুটি তাদের বাল্কহেডের ওপর ভেঙে পড়ে। এতে ২৫ লাখ টাকা মূল্যের বাল্কহেডটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাল্কহেডের শ্রমিক কাশেম মিয়া বলেন, তারা সাঁতরে জীবন বাঁচালেও মুঠোফোন, টাকাপয়সা ও জামাকাপড়সহ ব্যবহারের সব সামগ্রী নদে ভেসে গেছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বর্ষা ও বৃষ্টির পানিতে বেইলি ব্রিজের পাটাতনগুলো মরিচা ধরে নষ্ট হয়ে পড়েছিল। এর আগেও বারবার জরাজীর্ণ পাটাতন দেবে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু স্থায়ী সংস্কার করা হয়নি। ব্রিজটি পুরোপুরি ধসে পড়ায় দাউদকান্দি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মাহফুজ নান্টু, কুমিল্লা