গ্যাস সিলিন্ডারে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
মাগুরায় পারিবারিক কলহের জেরে ঘরের ভেতর ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে কামরুল হাসান শিবলু (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের ভায়না টিটিসি পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান শিবলু ওই এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি মাগুরা শহরের ভায়না মোড়ে বাসের টিকিট বিক্রির কাজ করতেন।
নিহতের ছেলে পাভেল মুন্সি বলেন, পারিবারিক কলহের জেরে সকালে তার বাবা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরবর্তীতে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ড ও আত্মহত্যার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও সার্বিক বিষয়ে আইনগত তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা