গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি
গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলী-পদায়ন করা হয়।
লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এই লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান।
‘এ লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে’ বলে জানান গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (গণপূর্ত অধিদপ্তরের সদস্যসচিব) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখা স্বাগত জানাই। এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে’।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)